দুর্গাপূজায় হিন্দু ধর্মাবলম্বীদের ১৪ দলের শুভেচ্ছা

ইত্তেফাক রিপোর্ট

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উপলক্ষ্যে দেশের হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় আমির হোসেন আমু বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের চিরায়ত ঐতিহ্য। আবহমানকাল থেকেই এই দেশে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশ সবার কাছে নিরাপদ বাসভূমি। কোনো অশুভ শক্তি কখনো যেন আমাদের এই ভ্রাতৃত্বের বন্ধনে চিড় ধরাতে না পারে, সে লক্ষ্যে সম্প্রীতির বন্ধন অক্ষুণ্ন রেখে উন্নয়ন ও অগ্রযাত্রায় দেশবাসীকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

শুভেচ্ছা বার্তায় তিনি হিন্দু ধর্মাবলম্বীসহ দেশের সব নাগরিকের সুখ ও সমৃদ্ধি কামনা করেন। করোনা সংকট মোকাবিলায় পূজার দর্শনার্থীসহ সবাইকে প্রধানমন্ত্রীর নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান আওয়ামী লীগের এই প্রবীণ নেতা।