লেবাননে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত নৌবাহিনী জাহাজ বিএনএস বিজয় দেশে ফিরেছে

চট্টগ্রাম অফিস

লেবাননের বৈরুতে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বিএনএস বিজয়’ দেশে ফিরেছে। গতকাল রবিবার চট্টগ্রামের ঈশা খাঁ নৌ ঘাঁটিতে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল জাহাজটি গ্রহণ করেন। এ সময় তিনি বিস্ফোরণে আহত নাবিকদের সঙ্গে কথা বলেন।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে এই জাহাজটিতে ১১০ জন নৌসেনা নিয়োজিত ছিলেন। বৈরুতের বিস্ফোরণে জাহাজটির ক্ষয়ক্ষতির পাশাপাশি আহত হন ২১ জন নৌসেনা।

এ সময় নৌবাহিনী প্রধান বলেন, গত ৪ আগস্ট বৈরুত বন্দরে বিস্ফোরণের ঘটনায় জাহাজটি ক্ষতিগ্রস্ত হওয়া এবং নৌবাহিনীর সদস্যদের আহত হওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছেন। প্রধানমন্ত্রী জাহাজের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা এবং নৌবাহিনীর সদস্যদের সুচিকিত্সার ক্ষেত্রে সব ধরনের ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় নির্দেশ দেন। আহত নৌসেনারা সুস্থ হয়ে এবং জাহাজের প্রয়োজনীয় মেরামত শেষে নিরাপদে জাহাজটি দেশে ফিরিয়ে আনায় নৌসেনাদের অসীম সাহস, উদ্যম এবং পেশাদারিত্বের প্রমাণ মিলেছে। এছাড়া বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারি পরিস্থিতিতে জাহাজের নৌসদস্যরা করোনা থেকে মুক্ত থাকায় সবাইকে ধন্যবাদ জানান নৌবাহিনী প্রধান।

২০১৭ সালের ১ ডিসেম্বর বিএনএস বিজয় লেবাননে যায়। ৩ বছর ধরে ঐ জাহাজে অবস্থান করে কাজ করছিলেন ৩৩০ জন নৌসেনা। বৈরুত বন্দরে বিস্ফোরণের পর বিএনএস বিজয় ক্ষতিগ্রস্ত হওয়ায় গত ৯ আগস্ট পাঠানো হয় বিএনএস সংগ্রামকে। আর মেরামত শেষে বিএনএস বিজয়কে ফেরত আনা হয়েছে।