করোনা বাংলাদেশ

বিশেষ প্রতিনিধি 

দেশে করোনা ভাইরাসে গত এক দিনে ২৩ জন মারা গেছেন। এরমধ্যে পুরুষ ১৯ জন, নারী চার জন। তাদের সবাই হাসপাতালে মারা গেছেন। মৃতদের মধ্যে ১৬ জনের বয়স ছিল ৬০ বছরের বেশি, তিন জন করে মোট ছয় জনের বয়স ৫১ থেকে ৬০ ও  ৪১ থেকে ৫০ বছরের মধ্যে এবং বয়স ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এক জন ছিল। ১৯ জন ঢাকা বিভাগের এবং এক জন করে মোট চার জন চট্টগ্রাম, রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের বাসিন্দা ছিলেন। গতকাল রবিবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনা ভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, গতকাল সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ১ হাজার ৩০৮ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৯৮ হাজার ৮১৫ জন হলো। আর গত এক দিনে মারা যাওয়া ২৩ জনকে নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ৫ হাজার ৮০৩ জনে দাঁড়াল। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিত্সাধীন আরো ১ হাজার ৫৪৪ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ৩ লাখ ১৫ হাজার ১০৭ জন হয়েছে।