রূপগঞ্জে রি-রোলিং মিলের গলিত লোহা ছিটকে চার জনের মৃত্যুতে মামলা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরপা আড়িয়াবো এলাকার প্রিমিয়ার স্টিল অ্যান্ড রি-রোলিং মিলে লোহা গলানোর কড়াই (ভাট্টি) থেকে গলিত লোহা ছিটকে পড়ে চার জনের মৃত্যুর ঘটনায় শনিবার রাতে রূপগঞ্জ থানায় মামলা হয়েছে। অবহেলা ও অব্যবস্থাপনার অভিযোগে নিহত মিলের শ্রমিক ফাহিমের স্ত্রী মাহিমা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।

পরে পুলিশ অভিযান চালিয়ে চার জন আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো—প্রিমিয়ার স্টিল রি-রোলিং মিলের জেনারেল ম্যানেজার আশরাফুল আলম (৪৩),  প্রোডাকশন  ম্যানেজার নাসির তালুকদার (৪৫), ম্যানেজার এস এম মাইনুল ইসলাম (৩৬) ও সুপারভাইজার মুজিদুল ইসলাম (৪০)।

রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) এইস এস জসিম উদ্দিন বলেন, গ্রেফতারকৃতদের রবিবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গত শুক্রবার ভোরে রি-রোলিং মিলে গলিত লোহা ছিটকে পড়ে ঘটনাস্থলে মিলের শ্রমিক ফাহিম ও মিজানুর রহমান নিতহ হন। শনিবার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিত্সাধীন অবস্থায় শ্রমিক আবু সিদ্দিক (৩০) ও শাকিল (২০) মারা যান। এছাড়া রাজু (৪০) ও রফিকের (৪৫) অবস্থা এখনো সংকটাপন্ন। তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিত্সাধীন রয়েছেন। প্রিমিয়ার স্টিল অ্যান্ড রি-রোলিং মিলের পরিচালক সোহেল ইসলাম বলেন, দুর্ঘটনায় নিহত ও আহতদের মিলের পক্ষ থেকে সাধ্যমতো ক্ষতিপূরণ দেওয়া হবে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান  বলেন, ইতিমধ্যে চার জনকে আটক করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে এবং অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ তত্পর রয়েছে।