গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যাকাণ্ডের অন্যতম আসামি খায়রুলকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ময়মনসিংহ জেলা ডিবি পুলিশের ওসি শাহ কামাল আকন্দের নেতৃত্বে একটি টিম শুক্রবার নেত্রকোনার মোহনগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত খায়রুল শুভ্র হত্যাকাণ্ডে তার জড়িত থাকাসহ ঘটনার বর্ণনা দিয়ে শনিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, গত ২২ অক্টোবর আলোচিত এই মামলাটি ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আলোচিত এই হত্যাকাণ্ডের মামলাটির তদন্তভার পেয়ে মাত্র কয়েক ঘণ্টার মধ্যে ডিবি পুলিশের দল নিয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তথ্যপ্রযুক্তির সহযোগিতায় আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করেন। শুক্রবার ভোরে মোহনগঞ্জ ফাগুয়া হাওর এলাকা থেকে মো. খায়রুলকে গ্রেফতার করা হয়। খায়রুলকে শনিবার আদালতে পাঠানো হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহবুবা আক্তারের কাছে সে হত্যাকাণ্ডের লোমহর্ষক বর্ণনা দিয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। এর আগে পুলিশি জিজ্ঞাসাবাদেও খায়রুল নিজেসহ হত্যাকাণ্ডে অংশ নেওয়া অন্যদের সম্পর্কে তথ্য প্রকাশ করে। অন্য আসামিদের গ্রেফতারেও অভিযান চলছে।
এর আগে এই হত্যাকাণ্ডের ঘটনায় আরো চার জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উপজেলা বিএনপির (একাংশের) যুগ্ম-আহ্বায়ক ও মইলাকান্দা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদ, জাহাঙ্গীর, রাসেল ও মজিবুর রহমান। এর মধ্যে তিন জনকে রিমান্ডে এনে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে।
গত ১৭ অক্টোবর রাতে গৌরীপুর পৌরসভার পানমহালে পৌর মেয়র প্রার্থী মাসুদুর রহমান শুভ্র কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় গৌরীপুর থানায় মামলা হয়।