টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলবেন সাকিব

সাকিব আল হাসান আগামী ১৫ নভেম্বর শুরু হতে যাওয়া পাঁচ দলের ঘরোয়া টি-২০ টুর্নামেন্টে খেলবেন। গতকাল রবিবার মিরপুর স্টেডিয়ামে এ তথ্য জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।  

করোনাকালে টুর্নামেন্ট আয়োজনের সক্ষমতা প্রমাণ করেছে বিসিবি। গতকাল মাহমুদউল্লাহ একাদশের শিরোপা জয়ের মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে বিসিবি প্রেসিডেন্টস কাপ। এই আত্মবিশ্বাস নিয়ে আরো বড় টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে বিসিবি।

আগামী ১৫ নভেম্বর মাঠে গড়াবে টি-২০ টুর্নামেন্টটি। এতে খেলবে পাঁচটি দল। খুব দ্রুতই দলগুলোর স্পন্সর চেয়ে দরপত্র দিবে বিসিবি। পাঁচ দলের এই টুর্নামেন্টে খেলবেন সাকিব আল হাসান। 

টি-২০ টুর্নামেন্টে সাকিবের অংশগ্রহণ সম্পর্কে গতকাল বোর্ড সভাপতি বলেছেন, ‘হ্যাঁ, ও খেলবে, এটা নিশ্চিত, আমাদের সঙ্গে কথা হয়েছে। টুর্নামেন্ট শুরুর ১০ দিন আগেই ও চলে আসবে। তার আগেও আসতে পারে। এর মাধ্যে ওর দল হয়ে যাবে।’  ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করে নিষিদ্ধ হয়েছিলেন সাকিব। আগামী ২৮ অক্টোবর শেষ হচ্ছে তার নিষেধাজ্ঞার মেয়াদ। ২৯ অক্টোবর থেকে মুক্ত তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন বাঁহাতি এই অলরাউন্ডার। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র থেকে ৪ নভেম্বর দেশে ফিরতে পারেন সাকিব।