কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর মাতারবাড়ীর উপকূলীয় জনপথ সাইরাডেইলের রক্ষাকবচ হিসেবে পরিচিত দক্ষিণের বেড়িবাঁধ লাগোয়া প্রাকৃতিক চর কেটে বালু উত্তোলনের চেষ্টা চালাচ্ছে স্থানীয় একটি প্রভাবশালী চক্র। সেখানে চলমান বিভিন্ন কোম্পানির উন্নয়নকাজে বাইরে থেকে মাটি সরবরাহের নির্দেশনা থাকলেও ঐ চক্রটি অল্পখরচে উন্নয়ন কাজে মাটি সরবরাহ নিশ্চিতে সাইরাডেইল বেড়িবাঁধ লাগোয়া চর থেকে বালু উত্তোলনে নেমেছে।
স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবেশবাদী সংগঠনের অভিযোগের পরিপ্রেক্ষিতে সম্প্রতি মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুইচিং মং মার্মার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে সাইরাডেইল সাগর উপকূলের বেড়িবাঁধ এলাকা থেকে একটি শক্তিশালী ড্রেজার মেশিন জব্দ করেছে।
সুইচিং মং মার্মা বলেন, প্রশাসনের অনুমতি নেই কিন্তু মাতারবাড়ী ইউনিয়নের সাগরতীরের জনপদ সাইরাডেইলের রক্ষাকবচ হিসাবে খ্যাত বেড়িবাঁধ লাগোয়া চর কেটে বালু উত্তোলনে নেমেছে প্রভাবশালী চক্র। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে অভিযান চালিয়ে শক্তিশালি ড্রেজার জব্দ করা হয়েছে। তবে ঐ সময় জড়িতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক বা জরিমানা করা সম্ভব হয়নি। তিনি বলেন, জব্দকৃত ড্রেজারটি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে। শুনেছি জড়িতরা নতুন করে বালু উত্তোলনের চেষ্টা করছে। এ ধরনের ঘটনা পুনরায় করার চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।
মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার আহমদ উল্লাহ বলেন, সাইরাডেইল-সংলগ্ন সাগর তীরের বেড়িবাঁধ লাগোয়া চর কেটে বালু উত্তোলন করা হলে চরম প্রতিবেশগত সংকটে পড়বে পুরো মাতারবাড়ী ইউনিয়ন। এ অবস্থায় প্রশাসনের কাছে আমাদের দাবি, উন্নয়নকাজের জন্য বাইরের এলাকা থেকে মাটি বা বালু সরবরাহ করা হোক।