মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়নের কাটখাল-হাজীপাড়া গ্রামে সিলিন্ডারের গ্যাসের আগুনে দগ্ধ সিপাই বেগম (৬৫) গতকাল রবিবার ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিত্সাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় দগ্ধ আরো সাত জন এই ইনস্টিটিউটে চিকিত্সাধীন রয়েছেন। আত্মীয়স্বজনদের উদ্ধৃতি দিয়ে কাটখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম জানান, দগ্ধদের মধ্যে চার জনের শরীরের ৭০ ভাগ পুড়ে গেছে। এদের মধ্যে দুই জনকে আইসিইউতে ভর্তি করা হয়েছে।
গত শনিবার বেলা ২টার দিকে কাটখাল-হাজীপাড়া গ্রামের আব্দুস সালামের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। উক্ত বাড়ির গ্যাস সিলিন্ডারের পাইপ ফুটো হয়ে গ্যাস সারা ঘরে ছড়িয়ে পড়ে। চুলা জ্বালাতে গেলে ঘরে আগুন ছড়িয়ে পড়ে। ঐ সময় বাইরে বৃষ্টি হওয়ায় আব্দুস সালামের পরিবারের লোকজন ও আত্মীয়স্বজন ঘরের ভেতরেই ছিল। ফলে ঘরে থাকা ১০ জন আহত হয়। তন্মধ্যে আট জনকে প্রথমে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এবং পরে তাদের ঢাকায় প্রেরণ করা হয়।