ট্যাংকির দূষিত পানিতে মারা গেছে পুকুরের মাছ

বরগুনায় জেলা প্রশাসনের বিশাল পুকুরে পৌর পানি সরবরাহের ট্যাংকির দূষিত পানি ছেড়ে দেওয়ায় বিষাক্ত গ্যাস সৃষ্টি হয়ে বিপুল পরিমাণ মাছ মরে গেছে। এতে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছেন পুকুরের ইজারা নেওয়া এক মত্স্য ব্যবসায়ী।

খোঁজ নিয়ে জানা গছে, জেলা প্রশাসনের ঐ পুকুর ইজারা নিয়ে ব্যবসায়ী মো. রিয়াদ মিয়া মাছ চাষ করে আসছিলেন। পুকুর পাড়েই পৌরসভার নির্মাণাধীন পানির ট্যাংকির কেমিক্যাল মিশ্রিত দূষিত পানি ঐ পুকুরে ছেড়ে দেওয়ার ফলে পুকুরের পানি দূষিত ও বিষাক্ত হয়ে যায় এবং বিভিন্ন প্রজাতির প্রায় ২৫ লাখ টাকার মাছ মরে ভেসে ওঠে।

 রিয়াদ মিয়া জানান, তিন বছরের জন্য ৮ লাখ টাকায় পুকুরটি বরগুনা জেলা প্রশাসনের কাছ থেকে ইজারা নেন তিনি। এরপর ঐ পুকুরে মাছের চাষ শুরু করেন। সম্প্রতি কাউকে কিছু না জানিয়ে পুকুরের পশ্চিম পাশে বরগুনা পৌরসভার নির্মাণাধীন পানির ট্যাংকির কেমিক্যাল মিশ্রিত দূষিত পানি পাইপ দিয়ে ঐ পুকুরে ছেড়ে দেয় পৌর পানি সরবরাহ ট্যাংকি নির্মাণের সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ঢাকার রমনার জিলানী ট্রেডার্স। জেলা প্রশাসনকে না জানিয়ে এভাবে পরপর দুবার ট্যাংকির বিষাক্ত পানি পুকুরে ছেড়ে দেওয়ায় পুরো পুকুরের পানি দূষিত হয়ে পড়ে এবং গত তিন-চার দিনে পুকুরের সব মাছ মরে ভেসে উঠতে থাকে। রিয়াদ মিয়া বলেন, মাছ চাষে তার এখন পর্যন্ত প্রায় ২৫ লাখ টাকা ব্যয় হয়েছে। তিনি এখন পুরোপুরি নিঃস্ব।

ঘটনার পর বরগুনা পৌরসভার মেয়র মো. শাহাদাত হোসেন ও বরগুনার জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ সরেজমিনে পুকুরটি পরিদর্শন করে মাছ ব্যবসায়ীকে সহায়তার আশ্বাস দেন।