মাংস ও দুগ্ধশিল্প উন্নয়নে ১০ দফা দাবি

দেশের মাংস ও দুগ্ধশিল্পের উন্নয়নে ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ডেইরি ফার্মারস অ্যাসোসিয়েশন।

গতকাল রবিবার জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। ঢাকা ও ঢাকার বাইরে থেকে আসা খামারিদের উপস্থিতিতে এ সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মোহাম্মদ ইমরান হোসেন তাদের ১০ দফা দাবি পড়ে শোনান।

সংগঠনের দাবির মধ্যে রয়েছে—টিসিবির মাধ্যমে পশুখাদ্য আমদানি করে প্রতিটি উপজেলায় খামারিদের মধ্যে দ্রুত বিতরণের ব্যবস্থা করা। দেশের মাংসশিল্পকে রক্ষার জন্য ভারত থেকে হিমায়িত মাংস আমদানি বন্ধ করা। বাণিজ্যিক হারের বদলে কৃষি খাতের হারে পশুর খামারের বিদ্যুত্ বিল নির্ধারণ। এই শিল্পে ২০ বছর আয়কর রেয়াত দেওয়া। অ্যান্টি ডাম্পিং ট্যাক্স আরোপের মাধ্যমে গুঁড়াদুধ আমদানিতে শুল্কহার বাড়িয়ে শতভাগ করা। আমদানি কমিয়ে দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে গুঁড়াদুধের প্ল্যান্ট নির্মাণ করে দেশীয় শিল্পকে অগ্রাধিকার দেওয়া। আমদানি করা নিম্নমানের কাঁচামাল দিয়ে অস্বাস্থ্যকর কনডেনসড মিল্ক তৈরি বন্ধ করে দেশীয় দুধ ও কাঁচামাল দিয়ে কনডেনসড মিল্ক তৈরি। খামারিদের বিনা জামানতে কম সুধে ঋণ সুবিধা দেওয়া। ডেইরি বোর্ড গঠন এবং পশু ভ্যাকসিন, ওষুধ এবং চিকিত্সাসেবা সহজতর করা এবং বিনা মূল্যে দেওয়া।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সহসভাপতি আলী আজম রহমান শিবলী, সাধারণ সম্পাদক মো. শাহ ইমরান, সহসাধারণ সম্পাদক নাজিম উল্লাহ প্রমুখ।