চলচ্চিত্র নির্মাণের জন্য সরকারি অনুদান গ্রহণ করেও তা নির্মাণ সম্পন্ন না করার অভিযোগে দায়েরকৃত মামলায় কবি ও চলচ্চিত্র নির্মাতা টোকন ঠাকুরকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যায় নিউ মার্কেট থানার পুলিশ কাঁটাবন এলাকা থেকে তাকে গ্রেফতার করে। আটকের পর তাকে নিউ মার্কেট থানা হাজতে রাখা হয়।
নিউ মার্কেট থানার ওসি শ ম কাইয়ুম জানান, সরকারি অনুদান গ্রহণ করেও আট বছরে তিনি চলচ্চিত্র নির্মাণ সম্পন্ন করেননি। টোকন ঠাকুরের বিরুদ্ধে সিএমএম কোর্টে এসংক্রান্ত একটি মামলা ছিল। সেই মামলায় আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে তাকে সন্ধ্যায় গ্রেফতার করা হয়।
মামলার সূত্রে জানা গেছে, কথাসাহিত্যিক শহীদুল জহিরের ছোটগল্প ‘কাঁটা’ অবলম্বনে একই শিরোনামে একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের জন্য টোকন ঠাকুর ২০১১-১২ অর্থবছরের সরকারি অনুদান পান। ২০১৩ সালে ঐ অনুদানের ৩৫ লাখ টাকার মধ্যে তিনি ১৩ লাখ টাকা তথ্য মন্ত্রণালয় থেকে তুলে নেন। সরকারি নিয়ম অনুযায়ী অনুদানের অর্থ গ্রহণের ৯ মাসের মধ্যে ছবি মুক্তি দেওয়ার কথা থাকলেও তিনি ২০১৬ সাল পর্যন্ত চার বছরেও তা সম্পন্ন করতে পারেননি। এ কারণে সরকারের পক্ষ থেকে ছবি নির্মাণ শেষ করতে কিংবা অর্থ ফেরত চেয়ে একাধিকবার তাকে নোটিশ করা হয়। কিন্তু এসব নোটিশের কোনো জবাব প্রদান না করায় ২০১৬ সালে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে তথ্য মন্ত্রণালয় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। ঐ মামলার পরিপ্রেক্ষিতে চলতি মাসের ৩ অক্টোবর ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত থেকে টোকন ঠাকুরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয়। সেই ওয়ারেন্টের কারণেই তাকে গ্রেফতার করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।