যুক্তরাষ্ট্রে এক দিনে করোনায় আক্রান্তে রেকর্ড, ৮৪ হাজার

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসের প্রকোপ ক্রমেই বাড়ছে। বিশ্বে এক দিনে আক্রান্তে রেকর্ড গড়েছে দেশটি। স্থানীয় সময় শুক্রবার প্রায় ৮৪ হাজার মানুষ সংক্রমিত হয়েছেন মহামারি করোনা ভাইরাসে। শনিবারও এর কাছাকাছি সংখ্যক মার্কিনি আক্রান্ত হয়েছেন। খবর সিএনএনের

জনস হপকিন্স ইউনিভার্সিটি জানিয়েছে, শনিবার যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ৮৩ হাজার ৭১৮ জন। শুক্রবার থেকে মাত্র ৩৯ জন কম। বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্রে শুক্রবার এক দিনে সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রে মোট ৮৫ লাখ মানুষ সংক্রমিত এবং দুই লাখ ২৪ হাজার ৮৯১ জনের মৃত্যু ঘটেছে করোনায়। জনস হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, অন্তত ৩৫টি রাজ্যে আক্রান্তের সংখ্যা গত সপ্তাহে এর আগের সপ্তাহ থেকে বেড়েছে। নিউ জার্সির গভর্নর ফিল মুরফি জানান, শনিবার ১ হাজার ৯৯৪ জন আক্রান্ত হয়েছে যা গত মে মাসের পর এক দিনে সর্বোচ্চ। ফ্লোরিডায়ও শনিবার ৪ হাজার ৪৭১ জন সংক্রমিত এবং ৭৭ জন মারা গেছেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, শীতকালে করোনার প্রকোপ হু হু করে বাড়তে পারে।