নিষ্ঠার সঙ্গে কাজ করলে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন সম্ভব --------------------- স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশের উন্নয়নে প্রধানমন্ত্রী গৃহীত সকল পদক্ষেপ বাস্তবায়নে সম্মিলিতভাবে নিষ্ঠার সঙ্গে কাজ করলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপূর্ণ স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।

 তিনি রোববার দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে মুজিববর্ষ উপলক্ষ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে শেখ হাসিনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধুর ম্যুরালের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় স্পিকার বঙ্গবন্ধুর আদর্শকে ধারণ করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে নিজেদের দক্ষ করে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.স.ম রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা  চেয়ারম্যান নূর মোহাম্মদ মণ্ডল, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আবু বক্কর সিদ্দিক, পৌর মেয়র এ এস এম তাজিমুল ইসলাম শামীম। পরে তিনি বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ২৭৪ বান্ডিল ঢেউটিন, ৪২২ জনকে টিউবওয়েল এবং ৫ হাজার বিভিন্ন ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করেন।