তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েপ এরদোয়ান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁকে মানসিক চিকিত্সা করানোর আহ্বান জানিয়েছেন। শনিবার তার নিজ দলের এক প্রাদেশিক কংগ্রেসে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, মুসলিম এবং ইসলাম নিয়ে ম্যাক্রঁর কী সমস্যা? রাষ্ট্রের একজন প্রধানই নাকি অন্যের বিশ্বাসের স্বাধীনতায় বিশ্বাস করেন না। তিনি ফ্রান্সের লাখ লাখ মুসলিমের প্রতি যে ধরনের আচরণ করছেন তাতে তাকে মানসিক চিকিত্সা করানো দরকার। উল্লেখ্য, প্রেসিডেন্ট ম্যাক্রঁ সম্প্রতি ইসলামিক বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে লড়াইয়ের অঙ্গীকার করেন। তিনি কিছু মুসলিম সম্প্রদায়কে নিয়ন্ত্রণের আনারও প্রতিশ্রুতি দেন। এরপরই এরদোয়ান তার বিরুদ্ধে ক্ষেপেছেন। এদিকে এরদোয়ানের মন্তব্যের কারণে ফ্রান্সের প্রেসিডেন্সিয়াল অফিস এর কড়া নিন্দা জানিয়ে বলেছে, এরদোয়ানের মন্তব্য সম্পূর্ণ অগ্রহণযোগ্য। ফ্রান্স সরকার তুরস্কের রাষ্ট্রদূতকে তলব করে এরদোয়ানের বক্তব্যের ব্যাখ্যা দাবি করেছে। —আলজাজিরা