ভারত-চীন সীমান্তের কাছে রাজনাথের অস্ত্রপুজো

লাদাখ সীমান্তে ৪০০ মিটার দূরত্বে দাঁড়িয়ে ভারত এবং চীনের ট্যাংক। তারই মধ্যে সিকিমে চীন সীমান্তের কাছে অস্ত্রপুজো করলেন রাজনাথ সিং। খবর ডয়চেভেলে

রবিবার দসেরা বা বিজয়াদশমী উপলক্ষ্যে পশ্চিমবঙ্গের সেনা ঘাঁটি সুকনায় গিয়েছিলেন রাজনাথ। সেখানে নিয়মমাফিক অস্ত্রের পুজো করে তিনি আরো একবার চীনকে হুঁশিয়ারি দিয়েছেন। রবিবার প্রথমে পশ্চিমবঙ্গের সেনা ঘাঁটি এবং সেখান থেকে সিকিমে চীন সীমান্তে যাওয়ার কথা ছিল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের। প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে মাত্র দুই কিলোমিটার দূরে সেনার একটি ছাউনিতে তার বিজয়াদশমীর অস্ত্রপুজো করার কথা ছিল। কিন্তু আবহাওয়া খারাপ থাকায় সেখানে তিনি পৌঁছতে পারেননি।

চীন সীমান্তের এত কাছে গিয়ে অস্ত্রপুজো নিয়ে সীমান্তে উত্তেজনা তৈরি হয়েছিল। এ দিন রাজনাথ বলেছেন, ‘ভারত শান্তির পক্ষে। কিন্তু চীন যেভাবে আগ্রাসি মনোভাব দেখাচ্ছে, তার যোগ্য জবাব দিচ্ছেন ভারতীয় জওয়ানরা।’ রাজনাথের বক্তব্য, ভারত এক ইঞ্চি জমিও ছাড়বে না। চীনকে ভারতের ভূখণ্ডে ঢুকতে দেয়নি দেশের সেনারা।

বস্তুত সেই সুরই শোনা গিয়েছে বিজেপির উত্স আরএসএস-এর প্রধানের মুখেও। মোহন ভগবত রবিবার বক্তৃতায় বলেছেন, সাম্রাজ্যবাদী চীন ভারতের ভূখণ্ডে ঢুকে পড়েছে। ভারত তার যোগ্য জবাব দিয়েছে। মোহন ভগবতের বক্তৃতার পরেই কংগ্রেস নেতা রাহুল গান্ধী টুইট করে জানান, এত দিনে সত্য সামনে এল। চীন যে ভারতের ভূখণ্ডে ঢুকে পড়েছে, তা স্পষ্ট হলো।