সড়কের দুর্দশা

বরিশালের বানারীপাড়া উপজেলার সড়কগুলো ভাঙাচোড়া, বড় বড় গর্তে পরিপূর্ণ। বৃষ্টি হলেই পানি জমে। পানি নিষ্কাশনের যথাযথ ব্যবস্থা নেই। পৌরসভার প্রায় সব সড়কের অবস্থাই খারাপ। মানুষের দুর্ভোগের সীমা নেই। দুর্ঘটনা ঘটছেও নিয়মিত। ছবিটি বানারীপাড়া বাজার থেকে দক্ষিণ নাজিরপুর হয়ে মাছং যাওয়া সড়কের। এটি যে একটি রাস্তা, দেখে তা বোঝার উপায় নেই। বালু ও ইট বোঝাই ছোট ছোট ট্রাক বেপরোয়াভাবে চলাচল করায় সড়কের ক্ষতি হচ্ছে। সন্ধ্যা নদীর বালু তোলা নিষেধ। অথচ দক্ষিণ নাজিরপুর গ্রামে নদীপাড়ে ইট-বালু-সুরকির ব্যবসা রমরমা। এসব দেখার যেন কেউ নেই! দ্রুত সড়কটি সংস্কার করা উচিত। অন্তত কিছু ইট-বালু দিয়ে গর্ত ভরাট করে দেওয়া হলেও যাতায়াতের কষ্ট কমবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মুহাম্মদ শফিকুর রহমান

বানারীপাড়া, বরিশাল ৮৫৩০