প্লে-অফের সূচি চূড়ান্ত আইপিএলে

স্পোর্টস ডেস্ক

গ্রুপ পর্বের লড়াই প্রায় শেষপ্রান্তে পৌঁছে গেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। প্লে-অফে ওঠার লড়াই চলছে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে। এরই মধ্যে প্লে-অফের সূচি ঘোষণা করল বোর্ড অব কনট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

আগামী তিন নভেম্বর শেষ হবে আইপিএলের গ্রুপ পর্ব। এক বিবৃতিতে বিসিসিআই জানিয়েছে, গ্রুপ লিগ শেষ হওয়ার পর দিন মানে চার নভেম্বর কোনো খেলা থাকবে না। পাঁচ নভেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে প্রথম কোয়ালিফায়ার হবে। সেই লড়াইয়ে মুখোমুখি হবে লিগ পর্বে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দুই দল। যে দল জিতবে তারা চলে যাবে ফাইনালে। হেরে যাওয়া দলকে এরপর খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার।

পরদিন ৬ নভেম্বর প্রথম এলিমিনেটরে নামবে তৃতীয় ও চতুর্থ দল। দ্বিতীয় কোয়ালিফার হবে ৮ নভেম্বর রবিবার। সেখানে এলিমিনেটরে জয়ী দল মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ারে জিতে যাওয়া দলের। আর ফাইনালের তারিখ তো আগেই ঘোষণা করা হয়েছিল। তাতে কোনো পরিবর্তন করা হয়নি। আগামী ১০ নভেম্বর মঙ্গলবার হবে ১৩তম আইপিএলের ফাইনাল। ফাইনাল হবে দুবাইয়ে।