মেহেরপুরে তিন জমজ কন্যা সন্তানের জন্ম

ফুটফুটে তিন জমজ কন্যা কথা, কাব্য, দোয়েল। বাবা-মায়ের মুখে হাসি ফুটিয়ে সোমবার সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভুমিষ্ট হয়েছে তারা। ১৫ বছর পর ছেলে সন্তানের মুখ দেখতে চেয়ে বাবা-মা এবারও দেখলো তিনটি ফুটফুটে কন্যা সন্তানের মুখ।

ভূমিষ্ট হওয়ার পর থেকে তারা তিনজন এবং তাদের মা সুস্থ আছে এমনটিই জানালেন তাদের বাবা কিবরিয়া হোসেন। কিবরিয়া হোসেন মেহেরপুর পৌরসভায় লাইসেন্স শাখার সহকারি হিসেবে কর্মরত রয়েছেন।

মেহেরপুর সদর উপজেলার উজুলপুর গ্রামের কিবরিয়া-মিতালি দম্পত্তি এ নিয়ে ৫টি কন্যা সন্তানের বাবা-মা হলেন। তাদের প্রথম সন্তান কণিকা। তার বয়স ২২ বছর। ২য় সন্তান কবিতা। তার বয়স ১৫ বছর। ঠিক ১৫ বছর পর এক সঙ্গে আরো তিনটি কন্যা সন্তান জন্ম নিলো। আদর করে তাদের নাম রাখা হলো কথা, কাব্য, দোয়েল। যথাক্রমে তাদের ওজন আড়াই কেজি, ২ দশমিক ২ কেজি এবং ১ দশমিক ৮ কেজি। তারা বর্তমানে মেহেরপুর জেনারেল হাসপাতালের ৩য় তলার শিশু ওয়ার্ডের ৯ নম্বর কেবিনে চিকিসাধীন।

বাবা কিবরিয়া হোসেন ইত্তেফাককে বলেন, ‘সৃষ্টিকর্তার ইশরায় একসঙ্গে তিনটি কন্যা সন্তান পেয়েছি। তাদের মাসহ তারা সবাই ভালো আছে। জন্মের পরই আদর করে তাদের নাম রেখেছি কথা, কাব্য এবং দোয়েল। তারা সকলে মানুষের মতো মানুষ হোক এ দোয়া চাই সকলের কাছে।’

কন্যা সন্তানদের নানী সুফিয়া খাতুন বলেন, ‘তিন কন্যা হলেও আমরা খুশি। তারা ভালোভাবে বেঁচে থাকুক।’

আরও পড়ুনঃ হাজীগঞ্জে পুকুর থেকে নারীর লাশ উদ্ধার

মেহেরপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাফিক উন নবি সিয়াম জানান, ‘ভূমিষ্ট হওয়া জমজ তিন শিশুকন্যা ভালো আছে। তাদের ওজনও স্বাভাবিক। তবে শীতকালে তাদের প্রতি বাড়তি যত্ন নেওয়া দরকার।’

ইত্তেফাক/নূহু