ব্রাজিল ও বার্সেলোনা কিংবদন্তি রোনালদিনহো করোনায় আক্রান্ত হয়েছেন। গত রবিবার ব্যক্তিগত ইন্সটাগ্রামে এ খবর জানান তিনি। বিশ্বকাপ ও ব্যালন ডি’অর জয়ী সাবেক এই ফরোয়ার্ডের বেলো হরিজন্তের বিখ্যাত মিনেরাও স্টেডিয়ামে সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নেয়ার কথা। তবে তার ঠিক আগেই এক ভিডিওতে নিজের করোনায় আক্রান্ত হওয়ার প্রকাশ করেছেন তিনি। তবে রোনালদিনহো জানিয়েছেন এখনো কোনো প্রকারের উপসর্গ দেখা দেয়নি আর শারীরিক অবস্থাও আছে আগের মতোই। সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডের ভাষ্য, ‘শনিবার থেকে আমি বেলো হরিজন্তেতেই আছি, এখানে আমি একটা অনুষ্ঠানে অংশ নিতে এসেছিলাম। করোনা ভাইরাস পরীক্ষায় পজিটিভ প্রমাণিত হয়েছি আমি। তবে ভালোই আছি, লক্ষণ দেখা যায়নি এখনো। কিন্তু আমি অনুষ্ঠানে আর অংশ নিচ্ছি না। শিগিগরই আবার আমাদের দেখা হবে।’ বেলো হরিজন্তেতে আসার পর থেকে যে হোটেলে ছিলেন সেখানেই এখন অবস্থান করছেন রোনালদিনহো।