বরিশাল অফিস
শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৪৭তম জন্মদিন উদ্যাপন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। এ উপলক্ষ্যে প্রতিষ্ঠানটির শেরে বাংলা হলের আয়োজনে গতকাল সোমবার বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষ্যে সোমবার বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা হলের প্রাধ্যক্ষ, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক মো. ইব্রাহিম মোল্লার নেতৃত্বে হল প্রশাসন শেরে বাংলা এ কে ফজলুল হকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন হলের আবাসিক শিক্ষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. সোহেল রানা, সেকশন অফিসার মো. জসিম উদ্দিনসহ কর্মকর্তা ও কর্মচারীরা। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে জোহরের নামাজের পর শেরে বাংলা এ কে ফজলুল হকের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। প্রসঙ্গত, অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হক ১৮৭৩ সালের ২৬ অক্টোবর বরিশালের রাজাপুর থানার সাতুরিয়া গ্রামে মামার বাড়িতে জন্মগ্রহণ করেন।