নিষেধাজ্ঞা অমান্য করে মা-ইলিশ শিকার
ইত্তেফাক ডেস্ক
নিষেধাজ্ঞা অমান্য করে মা-ইলিশ শিকার করায় বিভিন্ন স্থানে জেলেদের আটক ও জেল-জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।
বরিশাল :বরিশালের বিভিন্ন নদীতে রবিবার রাতে নৌপুলিশ ও মত্স্য অধিদপ্তরের অভিযানে আটক ৩৬ জন জেলেকে বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এই অভিযানে ১ লাখ ৬ হাজার মিটার অবৈধ জাল এবং প্রায় ১০০ কেজি ইলিশ জব্দ করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজার নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ দেয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী সুজা জানান, রবিবার দিনভর মেঘনা, তেঁতুলিয়া, কালাবদর, সন্ধ্যা, আড়িয়াল খাঁ ও কীর্তনখোলা নদীতে ঐ অভিযান পরিচালিত হয়। জামালপুর :জামালপুরের ইসলামপুর উপজেলায় সোমবার ভোরে যমুনা নদীতে মাছ শিকারের অপরাধে দুই জেলেকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। নির্বাহী ম্যজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ রোকনুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করেন। বোরহানউদ্দিন (ভোলা) :বোরহানউদ্দিনের মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ আহরণের অপরাধে ২০ জেলেকে আটক করা হয়েছে। এ সময় জব্দ করা হয় নৌকাসহ ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২৩ কেজি মা-ইলিশ। বোরহানউদ্দিন উপজেলার সিনিয়র মত্স্য কর্মকর্তা এ এফ এম নাজমুস সালেহীন এ তথ্য জানান। মনপুরা (ভোলা) :মনপুরার মেঘনায় মা-ইলিশ শিকারের সময় হাতিয়ার নিঝুমদ্বীপের ১১ জেলেকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশ ও মত্স্য বিভাগের যৌথ টিম। রামগতি (লক্ষ্মীপুর):মেঘনা নদীতে মা-ইলিশ ধরার অভিযোগে রবিবার সন্ধ্যায় রামগতিতে সাত জেলেকে আটক করেছে নৌপুলিশ। সুজানগর (পাবনা) :সুজানগর সংলগ্ন পদ্মা নদীতে ইলিশ মাছ শিকার করায় রবিবার সন্ধ্যায় ১৬ জন জেলেকে আটক করা হয়েছে।