বিপাকে কমলগঞ্জের নিম্ন আয়ের মানুষ

নিত্যপণ্যের দাম চড়া

কমলগঞ্জ (মৌলভীবাজার) সংবাদদাতা

কমলগঞ্জে হাটবাজারগুলোতে দুই মাসের ব্যবধানে চাল, ডাল, পেঁয়াজ, আলুসহ নিত্যপ্রয়োজনীয় সকল পণ্যদ্রব্যের দাম বেড়েছে। কিছু কিছু পণ্যের দাম আগে বাড়লেও গত কিছুদিন ধরে প্রায় সকল পণ্যের দাম বেড়ে গেছে। এতে নিম্নআয়ের লোকেরা চরম বিপাকে পড়েছে।  হাটবাজার ঘুরে দেখা গেছে, মোটা সিদ্ধ চাল কেজি প্রতি ৫ থেকে ৬ টাকা, চিকন চাল কেজি প্রতি ৫ টাকা এবং অন্যান্য সকল চালের দামেও কেজি প্রতি ৪ থেকে ৫ টাকা হারে বেড়েছে। মিডিয়াম আটা কেজি প্রতি ২২ টাকা থেকে ২৮ টাকা, উন্নত আটা ২৮ থেকে ৩০ টাকা, ময়দা কেজি ৩২ থেকে ৩৬ টাকা, চিড়া কেজি ৫০ থেকে ৬০ টাকা, মুড়ি ৬০ থেকে ৭০ টাকা হয়েছে। পেঁয়াজ ৪০ টাকা থেকে বেড়ে বর্তমানে কেজি প্রতি ৮০ টাকা, রসুন ৬৫ থেকে ৮৫ টাকা, আলু ২৮ টাকা থেকে ৪৫ টাকা, সোয়াবিল তেল বোতলজাত প্রতি লিটার ৯৭ টাকা থেকে ১০৩ টাকা, কাঁচামরিচ ১৫০ থেকে ২০০ টাকা এবং সকল প্রকার শাকসবজির দামও প্রায় দ্বিগুণ। সিএনজি-অটোরিকশা চালক বিল্লাল হোসেন, দিনমজুর আজিম মিয়া, কৃষক মসুদ মিয়া বলেন, আগের তুলনায় আয় রোজগার নেই। তার মধ্যে নিত্যপণ্যের দাম বাড়ছেই। পরিবার চালানোও খুবই কঠিন হয়ে পড়েছে। এ ব্যাপারে শমশেরনগর বাজারের চাল ব্যবসায়ী শাহিন মিয়া, মুদি ব্যবসায়ী আব্দুল কাইয়ুম ও সহিদুল ইসলাম বলেন, ধানের দাম বেশি থাকায় মিলাররা চালের দাম বাড়াতে বাধ্য হয়েছেন। অন্যান্য দ্রব্যের দাম গত দুই মাস ধরেই বেড়ে চলেছে। শ্রীমঙ্গল পাইকারী বাজারে দাম বেড়ে যাওয়ায় খুচরা বাজারেও বেড়েছে। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, উপজেলা প্রশাসন থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হয়। পূজার পরেই দুই-একদিনের মধ্যে আবার বাজার মনিটরিং করা হবে।