দেশের চলচ্চিত্র সাংবাদিকতার পথিকৃত্ ও প্রথম চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ‘সিনেমা’র সম্পাদক ফজলুল হক নামাঙ্কিত ‘ফজলুল হক স্মৃতি পুরস্কার’ প্রদান করা হলো। চলচ্চিত্র পরিচালনায় এ পুরস্কার পেয়েছেন চিত্রনায়ক এম এ আলমগীর এবং চলচ্চিত্র সাংবাদিকতায় শামীম আলম দীপেন। পুরস্কারের অর্থমূল্য প্রতিটি ২৫ হাজার টাকা, সম্মাননা পত্র ও ক্রেস্ট। গতকাল সোমবার চ্যানেল আই কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে এ পুরস্কার দেওয়া হয়েছে।
ফজলুল হকের মৃত্যুবার্ষিকীতেই আয়োজন করা হয়েছিল এ পুরস্কার প্রদান অনুষ্ঠানের। পুরস্কারপ্রাপ্তদের হাতে উত্তরীয়, ক্রেস্ট, সনদ ও অর্থমূল্য তুলে দেন চিত্রপরিচালক সৈয়দ সালাউদ্দিন জাকী। অতিথি ছিলেন গাজী মাজহারুল আনোয়ার এবং নাসির উদ্দিন ইউসুফ। এর আগে ফজলুল হকের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। অনুষ্ঠানে ভিডিও বার্তায় ফজলুল হকের প্রতি স্মৃতিচারণ করেন মেয়ে কেকা ফেরদৌসী। অনুষ্ঠানে উপস্থিত থেকে স্মৃতিচারণ করেছেন চলচ্চিত্র ব্যক্তিত্ব শফিউজ্জামান খান লোদী, ‘আনন্দ আলো’ সম্পাদক রেজানুর রহমান, সাবেক ‘প্রিয়জন’ সম্পাদক আবদুর রহমান প্রমুখ।