গজারিয়ায় আমনের বাম্পার ফলনের সম্ভাবনা

গজারিয়া (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

চলতি আমন মৌসুমে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় আমন ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। উপজেলার বাউশিয়া ইউনিয়নের কৃষক লোকমান হোসেন জানান, আশ্বিন মাসের ১৫ হতে ৩০ তারিখের মধ্যে ধানের শিষ বের হয়েছিল। এরই মধ্যে ধান পাকা শুরু হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে ধান কাটা শুরু হবে। উপজেলার সূচক অনুযায়ী, চর-বাউশিয়া, গুয়াগাছিয়া, ভাষারচর, দত্তেরচর, কালীপুর, ইমামপুর, লক্ষ্মীপুর, বাগাইকান্দি, ষোল আনী, পৈক্ষারপার, উত্তর শাহপুর, প্রধানেরচর, টেঙ্গারচর, ফুলদী ও ইসমানিচর মৌজাগুলো আমন ধানের জন্য বিখ্যাত। উপজেলা কৃষি সম্প্রসারণ দপ্তর সূত্রে জানা যায়, এ বছর উপজেলায় ২ হাজার ২৪০ হেক্টর জমিতে আমন চাষ করা হয়। যা গত বছরের চেয়ে ৮৭০ হেক্টর বেশি।