শিবালয়ে অভিযান চালিয়ে কারেন্ট জাল ও নৌকা জব্দ

শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা

শিবালয় উপজেলার আলোকদিয়া চরাঞ্চলে গতকাল সোমবার ভোরে র্যাব-৪ অভিযান চালিয়ে ২ লাখ ঘনমিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ইঞ্জিনচালিত ১০টি নৌকাসহ বিভিন্ন উপকরণ আটক ও ধ্বংস করে। এ সময় র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান, কোম্পানি কমান্ডার মেজর আদনান, উপজেলা মত্স্য অফিসার রফিকুল আলম উপস্থিত ছিলেন। উপজেলা মত্স্য অফিসার জানান, পদ্মা-যমুনায় নিষিদ্ধ সময়ে মা-ইলিশ নিধন রক্ষায় অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। আরিচার অদূরে যমুনার চরাঞ্চলে অভিযানের এক পর্যায়ে চোরা শিকারিরা নৌকা-জাল ইত্যাদি ফেলে পালিয়ে গেলে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের এসব উপকরণ আরিচা ৩ নম্বর ঘাটে এনে পুড়িয়ে ও ডুবিয়ে ধ্বংস করা হয়।