গ্রেফতার ১
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
সিদ্ধিরগঞ্জের গোদনাইলের এসও রোডের মেঘনা ওয়েল ডিপো এলাকায় আবারো অভিযান চালিয়ে ৭ ড্রাম ভর্তি ১ হাজার ১৫০ লিটার চোরাই জ্বালানি তেল উদ্ধার করেছেন র্যাব ১১-র সদস্যরা। এ সময় মো. মাহবুবুর রহমান ওরফে মামুন (৪৫) নামে চোরাই চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সোমবার দুপুরে অভিযান চালিয়ে চোরাই জ্বালানি তেল উদ্ধার করা হয়। এ বিষয়ে র্যাব ১১-র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, গোদনাইল এলাকায় মেঘনা ও পদ্মা ডিপোকে কেন্দ্র করে বেশ কয়েকটি চোরাই জ্বালানি তেলের সিন্ডিকেট গড়ে উঠেছে। এই ডিপো দুটি হতে প্রতিদিন কয়েকশ ট্যাংকলরি জ্বালানি তেল ভর্তি করে দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে। চোরাই তেল সিন্ডিকেটের কাছে ট্যাংকলরির কিছু অসাধু চালক ও হেলপার নাম মাত্রমূল্যে ট্যাংকলরি থেকে তেল চুরি করে বিক্রি করে আসছে। চোরাই চক্রটি এই তেলের সঙ্গে ভেজাল তেল মিশিয়ে বিভিন্ন ব্যবসায়ীর কাছে সরবরাহ করে থাকে। এই তেল ব্যবহার করে গাড়ির ইঞ্জিনের ব্যাপক ক্ষতি হচ্ছে। গ্রেফতারকৃত মো. মাহবুবুর রহমানকে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ও পলাতক আসামি মো. আরিফ (৩৫) দীর্ঘদিন ধরে তেল চুরির অবৈধ সিন্ডিকেট গড়ে তুলেছে। তারা অভিনব কৌশলে উপায়ে জ্বালানি তেল সংগ্রহ এবং ঝুঁকিপূর্ণভাবে মজুদ করে অবৈধভাবে কেনাবেচা করে আসছে বলে স্বীকার করেছে।
উল্লেখ্য, গত রবিবার বিকালে একই এলাকায় অভিযান চালিয়ে ৩৭ ড্রাম ভর্তি ৭ হাজার ৬৬০ লিটার চোরাই জ্বালানি তেলসহ মো. শাহাজাহান (৩৫) নামে চোরাই চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেন র্যাব ১১-র সদস্যরা।