ইত্তেফাক রিপোর্ট
রাজনীতিতে নিজের ভাগ্য পরিবর্তনের লক্ষ্য থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, যারা তথাকথিত রাজনীতি করতে চায়, যারা শুধু ক্ষমতাকেই রাজনীতি মনে করে তাদেরকে পরিহার করতে হবে। তিনি বলেন, যাদের অনেক বিত্ত-বৈভব আছে তাদের চেয়ে যাদের দেশপ্রেমের মন আছে তাদেরকে আজ বড় প্রয়োজন।
গতকাল সোমবার রাজধানীতে শেরেবাংলা এ কে ফজলুল হকের ১৪৭তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। শেরে বাংলার মাজার প্রাঙ্গণে বরিশাল বিভাগ সমিতির এ অনুষ্ঠানের আয়োজন করে।
মন্ত্রী বলেন, একটি সমাজে যখন সত্ ও ভালো মানুষের কদর কমে যায় তখন সমাজব্যবস্থা, সভ্যতা নষ্ট হয়ে যায়। সকলের জন্য সমন্বিত চিন্তা করার জায়গা শেরেবাংলা এ কে ফজলুল হক ধারণ, লালন, চর্চা এবং বিশ্বাস করতেন।
অনুষ্ঠানের শুরুতে শেরেবাংলা এ কে ফজলুল হকের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। বরিশাল বিভাগ সমিতির সভাপতি ইতিহাসবিদ সিরাজ উদদীন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর জেলা সমিতির সভাপতি ও সাবেক সচিব মো. শামসুল হক, বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান মো. ইসমাইল ও শেরেবাংলা এ কে ফজলুল হকের দৌহিত্র এ কে ফাইয়াজুল হক রাজু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বরিশাল বিভাগ সমিতির সাধারণ সম্পাদক এম এ জলিল।