ইত্তেফাক রিপোর্ট
সাভারে ছিনতাইকারীদের হাতে কলেজ কর্মকর্তা মুস্তাফিজুর রহমান খুন হওয়ার দুই দিন পর থানায় মামলা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ। গতকাল সোমবার সকালে সাভার মডেল থানায় বাদী হয়ে মামলাটি করেন নিহতের বাবা মজিবুর রহমান। এর আগে গত শনিবার ভোরে সিআরপি সড়ক থেকে মুস্তাফিজুরের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মুস্তাফিজুর স্থানীয় ডগরমোড়া এলাকায় ভাড়া থেকে বিরুলিয়ার কমলাপুর এলাকার গ্লোরিয়াস ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর ছুটিতে রাজশাহীর দুর্গাপুরে নিজ বাড়িতে যান মুস্তাফিজ। ২৩ অক্টোবর শুক্রবার রাতে বাসে রওনা দিয়ে শনিবার ভোরে নামেন সাভারের শিমুলতলা স্ট্যান্ডে। এ সময় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে প্রাণ হারান মুস্তাফিজুর।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।