রংপুরে সাড়ে ১২ লাখ টাকা উধাওয়ের ঘটনায় গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুর নগরীর অন্যতম ব্যস্ততম কাচারি বাজার এলাকায় দিনদুপুরে সাড়ে ১২ লাখ টাকা চুরির ঘটনায় দুই নারীসহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার বগুড়া শহরের চেলোপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, বগুড়া শহরের উত্তর চেলোপাড়া গ্রামের ইকবাল আনোয়ারের ছেলে ইরাক আনোয়ার (৩২), আফছার আলীর ছেলে আনিফুল ওরফে হানিফুল (৫০), বিপ্লব মিয়ার স্ত্রী শাপলা বেগম (২২) এবং বাদল মিয়ার স্ত্রী ফরিদা বেগম (৪৬)। গতকাল সোমবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মহানগর পুলিশের কোতোয়ালি থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা নুর আমিন।