মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্পকে ফের ক্ষমতায় আনতে রাশিয়া মার্কিন নির্বাচনি অবকাঠামোতে সাইবার হামলা চালাতে পারে বলেও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো সতর্ক করেছে। কিন্তু এবার সেই পুতিনই ট্রাম্পের সমালোচনা করেছেন। তিনি বাইডেনের পক্ষে কথা বলেছেন। পুতিন বলেছেন, যুক্তরাষ্ট্রে যেই প্রেসিডেন্ট হোন না রাশিয়া তার সঙ্গে কাজ করবে। খবর আলজাজিরার
যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন এবং তার ছেলে হান্টার বাইডেনের ইউক্রেনে ব্যবসা-বাণিজ্য নিয়ে সমালোচনা করে আসছেন প্রেসিডেন্ট ট্রাম্প। গত বিতর্কেও একই ইস্যুতে বাইডেনকে বিঁধেছেন ট্রাম্প। যদিও সমালোচনার পক্ষে কোনো প্রমাণ দিতে পারেননি প্রেসিডেন্ট ট্রাম্প। পুতিন বলেন, ইউক্রেন কিংবা রাশিয়ায় হান্টার বাইডেনের ব্যবসায় তিনি কোনো অপরাধ দেখেন না। তিনি বলেন, এখনো সেই ব্যবসা থাকতে পারে। যদিও আমি সেটা জানি না। এতে যুক্তরাষ্ট্র এবং ইউক্রেনের উদ্বেগ থাকলেও রাশিয়ার উদ্বেগের কিছু নেই বলে জানান পুতিন।