নাঙ্গলকোটে সেচ ইঞ্জিনে ওড়না পেঁচিয়ে কলেজ ছাত্রীর মর্মান্তিক মৃত্যু

নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা

নাঙ্গলকোটে পানি সেচের ইঞ্জিনের ফিতার সঙ্গে গলার ওড়না পেঁচিয়ে মর্মান্তিকভাবে আসমাউল হুসনা ফারিহা (১৯) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকালে মালিপাড়া-অলিপুর এলাকায় এই ঘটনা ঘটে। সেখানকার মদিনা ব্রিকস ম্যানুফ্যাকচারিং এর পানি সেচের ইঞ্জিনের পাশ দিয়ে যাবার সময় মেশিনের ফ্রাই হুইলের রাবারের ফিতার সঙ্গে তার ওড়না পেঁচিয়ে যায়। ফলে শ্বাসরোধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। একমাত্র সন্তানকে হারিয়ে মা সেলিমা আক্তার বার বার মুর্চ্ছা যাচ্ছিলেন। ফারিয়া উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের মালিপাড়া গ্রামের মোশারফ হোসেনের মেয়ে। সে উপজেলার হেসাখাল সুহূদ এ কে কলেজ অব সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিল। ঘটনার পর থেকে ঐ ব্রিক ফিল্ডের ম্যানেজার মো. রিয়াজ পলাতক।

সরেজমিনে জানা যায়, চট্টগ্রাম থেকে ফারিহার কাকা নাছির উদ্দিনের বাড়ি আসার সংবাদে গতকাল বিকালে ফারিহা নানার বাড়ি ছুপুয়া থেকে বাবার বাড়ি মালিপাড়া গ্রামে যাচ্ছিল। পথিমধ্যে ছুপুয়া-অলিপুর সড়ক পার হওয়ার সময় সড়ক সংলগ্ন মদিনা ব্রিকস ম্যানুফ্যাকচারিংয়ের একটি পানি সেচের ইঞ্জিন চলছিল। তার পাশ দিয়ে যাবার সময় ফারিয়ার গলায় থাকা ওড়না পেঁচিয়ে নিঃশ্বাস আটকে সঙ্গে সঙ্গেই মৃত্যু হয়। বেড়াতে যাবার জন্য নেওয়া কাপড়-চোপড়ের একটি প্যাকেট লাশের সঙ্গে পড়ে ছিল।

নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ফারিয়ার স্বজনদের পক্ষ থেকে লিখিত অভিযোগ ফেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।