জয়পুরহাট প্রতিনিধি
জেলা শহরের গুলশান চৌমোড় এলাকার বামনপাড়া সনাতন দুর্গাপূজামণ্ডপে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার প্রতিমা ভাঙচুরের এ ঘটনায় প্রিন্স নামে একজনকে আটক করেছে পুলিশ। আটককৃত প্রিন্স গুলশান এলাকার আফাজ উদ্দিনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গতকাল দুপুরে বিসর্জনের আগে প্রিন্স নামে ঐ যুবক হঠাত্ করে পূজামণ্ডপে ঢুকে প্রতিমা ভাঙচুর করে। এ সময় প্রতিমা ভাঙচুরের পর প্রত্যক্ষদর্শীদের অস্ত্রের ভয় দেখিয়ে প্রিন্স দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে খবর পেয়ে পুলিশ বাড়ি থেকে পালিয়ে যাওয়ার সময় প্রিন্সকে আটক এবং ভয় দেখানো সেই দা উদ্ধার করে।
খবর পেয়ে জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির, অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদ হোসেন (সার্কেল), অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস সালাম (সদর সার্কেল), সদর উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায়, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট নৃপেন্দ্রনাথ মণ্ডল, পৌর মেয়র মোস্তাফিজুর রহমানসহ জেলা পূজা উদ্যাপন কমিটির নেতা, আওয়ামী লীগ নেতা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ সুপার মোহাম্মদ সালাম কবির জানান, আটক প্রিন্সকে ডিবি কার্যালয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।