আলোচিত শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির ব্যাপারে আজ মঙ্গলবার রায় ঘোষণা করবে আদালত। বরগুনা শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান গত ১৪ অক্টোবর রায় ঘোষণার দিন ধার্য করেন। রিফাতের পরিবার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
অপ্রাপ্তবয়স্ক আসামিরা হলো—মো. রাশিদুল হাসান রিশান ওরফে রিশান ফরাজী (১৭), রাকিবুল হাসান রিফাত হাওলাদার (১৫), আবু আবদুল্লাহ্ ওরফে রায়হান (১৬), ওলিউল্লাহ্ ওরফে অলি (১৬), জয় চন্দ্র সরকার ওরফে চন্দন (১৭), নাইম (১৭), তানভীর হোসেন (১৭), নাজমুল হাসান (১৪), রাকিবুল হাসান নিয়ামত (১৫), সাইয়েদ মারুফ বিল্লাহ ওরফে মহিবুল্লাহ (১৭), মারুফ মল্লিক (১৭), প্রিন্স মোল্লা (১৫), রাতুল শিকদার জয় (১৬) ও আরিয়ান হোসেন শ্রাবণ (১৬)। এদের মধ্যে আট জন জামিনে ও ছয় জন বরগুনা করাগারের কিশোর সংশোধন কেন্দ্রে রয়েছে। গত ৮ জানুয়ারি রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে আদালত। এরমধ্যে সাত আসামি ১৬৪ ধারায় আদালতে জবানবন্দি দিয়েছে। এ মামলায় বিশেষ পাবলিক প্রসিকিউটর (পিপি) মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, রাষ্ট্রপক্ষ অভিযোগ প্রমাণে সমর্থ হয়েছে। তবে আসামিপক্ষের আইনজীবীরা মনে করেন, তারাও আসামিদের নির্দোষ প্রমাণে যুক্তি উপস্থাপন করেছেন। গত ৩০ সেপ্টেম্বর মিন্নিসহ ছয় প্রাপ্তবয়স্ক আসামিকে মৃত্যুদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা এবং চার জনকে বেকসুর খালাস দেয় আদালত। গত বছরের ২৬ জুন বরগুনার কলেজ রোড এলাকায় দিনে রিফাতের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালানো হয়। গত বছরের ১ সেপ্টেম্বর আদালতে ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্তবয়স্ক এবং অপ্রাপ্তবয়স্ক—দুই ভাগে বিভক্ত করে তদন্ত প্রতিবেদন (চার্জশিট) দাখিল করে পুলিশ।