রাজধানীর দক্ষিণখান থেকে অপহরণের দেড় মাস পর এক কিশোরীকে (১৩) উদ্ধার করেছে র্যাব। রবিবার রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকার কালাদী থেকে তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় সহযোগীসহ মূল অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন মো. শাকিল ও তার সহযোগী মো. জাকির হোসেন। গত ১২ সেপ্টেম্বর দক্ষিণখানের আশকোনা আইসক্রিম ফ্যাক্টরির সামনে থেকে ঐ কিশোরীকে অপহরণ করা হয়। পরে কিশোরীর বাবা দক্ষিণখান থানায় একটি অপহরণ মামলা করেন।
র্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল শাফী উল্লাহ বুলবুল জানান, গ্রেফতারকৃত শাকিল তার পরিবারসহ দক্ষিণখান এলাকাতেই থাকে। দীর্ঘদিন ধরে তিনি ভিকটিমকে প্রেম-ভালোবাসাসহ বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছিল। বারবার প্রত্যাখ্যাত হয়ে ক্ষুব্ধ শাকিল তার অন্য সহযোগীদের নিয়ে ঘটনার দিন কিশোরীকে জোরপূর্বক অপহরণ করে। পরে শাকিল তার চাচা মো. আবুল কালামের সহায়তায় ভিকটিমকে নিয়ে পিরোজপুরে যায়। সেখানে মৌলবি ডেকে শাকিল জোরপূর্বক তাকে বিয়ে করে এবং স্বামী-স্ত্রীর মতো বসবাস করতে বাধ্য করে। এরপর গত ৪ অক্টোবর আবুল কালাম নারায়ণগঞ্জে নিজ বাসার সঙ্গে একটি টিনশেড রুম ভাড়া করে তাদের সেখানে নিয়ে আসে। ভিকটিমের বাবা-মা সন্দেহভাজন হিসেবে শাকিলের বাসায় খোঁজ করলে অপহরণের ঘটনা জানতে পারে।
বিষয়টি শাকিলের বাবাকে জানালে তিনি কোনো কর্ণপাত না করে উলটো হুমকি দিতে থাকেন এবং তাদের মেয়ে ভালো আছে বলে জানান। ভিকটিমের বাবা থানায় অভিযোগ না করে স্থানীয়দের মাধ্যমে মীমাংসার চেষ্টা করেন। তাতেও লাভ না হওয়ায় থানায় মামলা করেন। পরে রূপগঞ্জ থেকে কিশোরীকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।