সরকারকে আর সময় দিতে চান না আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এই সরকারকে আর সময় দেওয়া যাবে না। সামনেই উত্তরায় ভোট। আপনারা চোখ রাখুন উত্তরার ভোটের দিকে। সেখানে যদি ভোট ডাকাতি হয়, তাদের প্রতিহত করার জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে। খসরু বলেন, আজকে বাংলাদেশের মানুষ সবাই মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ফেলেছে মুক্ত হওয়ার জন্য। বাংলাদেশ আজকের ধর্ষণ থেকে মুক্ত হতে চাচ্ছে, দুর্নীতিবাজদের হাত থেকে মুক্ত হতে চাচ্ছে, আইনের শাসন ফিরে পেতে চাচ্ছে। বাংলাদেশের মানুষের জীবন রক্ষার জন্য আমাদের সবাইকে একত্রিত হয়ে লড়তে হবে। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি একাংশ আয়োজিত এক আলোচনাসভায় মোবাইলে যুক্ত হয়ে এসব কথা বলেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এলডিপির সভাপতি আব্দুল করিম আব্বাসির সভাপতিত্বে ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিমের সঞ্চালনায় আলোচনাসভায় আরো বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমাতুল্লাহ, এলডিপির সিনিয়র যুগ্ম-মহাসচিব এম এ বাশার, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন প্রমুখ।

খসরু বলেন, বর্তমানে বাংলাদেশের মানুষ তাদের দেওয়া ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে দেশ পরিচালিত হতে দেখতে চায়। কিন্তু সেটা সম্ভব হচ্ছে না ভোট ডাকাতির কারণে। সরকার কিছু দিন আগে ঢাকা-৫ আসনে ভোট ডাকাতি করেছে। এর আগে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভোট ডাকাতি করেছে। এখন উত্তরায় (ঢাকা-১৮ উপনির্বাচন) ভোট ডাকাতির প্রস্তুতি চলছে। সেখানে ইতিমধ্যে দুর্বৃত্তরা বিভিন্ন রকমের কার্যক্রম চালাচ্ছে। এর প্রতিবাদে আমাদের সবাইকে রুখে দাঁড়াতে হবে। আর বসে থাকলে হবে না।