আবারও যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার। আগামী বছরের শুরুতেই ১৫ দিনের জন্য যুক্তরাষ্ট্র যাবেন তিনি। তবে এটা হবে তার ব্যক্তিগত সফর। এর আগে চলতি বছরের আগস্টে যুক্তরাষ্ট্রে ১৬ দিনের সফরে যাওয়ার কথা থাকলেও ভিসা কার্যক্রম বন্ধ থাকায় তিনি যেতে পারেননি। বিগত একাদশ সংসদ নির্বাচনের আগে হঠাত্ করেই তিনি যুক্তরাষ্ট্র সফরে যান।
ইসি থেকে জারি করা এ সংক্রান্ত একটি নথি থেকে জানা গেছে, ব্যক্তিগত কারণে মাহবুব তালুকদার ১০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরবেন ২৫ জানুয়ারি। মাহবুব তালুকদারের সফরসঙ্গী হবেন তার মেয়ে আইরিন মাহবুব ও ইসি সচিবালয়ের তার ব্যক্তিগত সচিব মো. এনাম উদ্দিন। এ সফরের সব খরচই মাহবুব তালুকদারকে ব্যক্তিগতভাবে বহন করতে হবে। যুক্তরাষ্ট্রে মেজো মেয়ে আফরিন মাহবুবের কাছে থাকবেন মাহবুব তালুকদার।
এর আগে ২০১৮ সালের ২০ থেকে ৩০ অক্টোবর যুক্তরাষ্ট্রে অবস্থান করেন তিনি। ফলে নির্বাচনের আগে বিধিমোতাবেক রাষ্ট্রপতির সঙ্গে কমিশনাররা দেখা করলেও যুক্তরাষ্ট্রে থাকায় অনুপস্থিত ছিলেন মাহবুব তালুকদার।