করোনাযোদ্ধা মর্তুজার হাতে নৌকা দেখতে চায় হলদিয়া ইউনিয়নবাসী

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে লৌহজং উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মর্তুজা খানের হাতে নৌকা দেখতে চায় মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া ইউনিয়নবাসী। ২০২১ সালে অনুষ্ঠিত হতে যাওয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে মর্তুজাকে নৌকা প্রতীক দিয়ে ইউনিয়নবাসীর সেবা করার সুযোগের জন্য দাবি তুলেছেন হলদিয়া ইউনিয়নের সাধারণ মানুষ।

করোনা ভাইরাস (কোভিড-১৯) এর শুরুতেই জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করেন মর্তুজা খান। এ সময় মানুষের পাশে দাঁড়াতে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের সমন্বয়ে ৪০ সদস্যের টিম গঠন করেন তিনি। করোনায় আক্রান্ত মৃত ব্যক্তির লাশ দাফনে তার নেতৃত্বে এই টিম দাফন কাজ সম্পন্ন করে। এছাড়াও লকডাউনের সময় স্বাভাবিকভাবে মৃত্যু হওয়া যেসব ব্যক্তির দাফনে করোনা আক্রান্ত হওয়ার ভয়ে কেউ এগিয়ে আসেনি সেসব দাফন কাজও সম্পন্ন হয় এই করোনা যোদ্ধাদের হাতে।

মৃত ব্যক্তির দাফন, অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা ছাড়াও কৃষক শ্রমিক সংকটে যখন ধান কাটতে না পেরে দিশেহারা ঠিক তখন কৃষকের জমির ধান কেটে গোলায় তুলে দিয়েছে টিম মর্তুজা। লকডাউনের সময় পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান থেকে করোনায় কর্মহীন এক হাজার পরিবারকে খাদ্য সহায়তা করেন তিনি। পাশাপাশি বন্যার্তদের মাঝে খাদ্য সহায়তা ছাড়াও প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে এক হাজার বৃক্ষ রোপণ করেন তিনি।

এ বিষয়ে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, করোনাকালে আওয়ামী লীগসহ আমাদের দলের সবগুলো অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জীবন বাজি রেখে গোটা দেশে মানুষের পাশে দাঁড়িয়েছেন। যুবলীগ কর্মী মর্তুজা তাদের এক সৈনিক। সঠিক সময়ে দল তাদের যথাযথ মূল্যায়ন করবে।

সবদিক বিবেচনা করে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া  ইউনিয়নে জনগণের সেবক প্রার্থী তরুণ নেতা মর্তুজা খানের কোনো বিকল্প দেখছেন না ইউনিয়নবাসী। তিনি কাজের মাধ্যমে জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছেন। করোনার এই দু:সময়ে সেবক হওয়ার পরীক্ষায় মর্তুজা খান যে সাহসিকতা ও ত্যাগের পরিচয় দিয়েছেন তার প্রতিদান বঙ্গবন্ধু কন্যা তাঁকে দেবেন বলে বিশ্বাস করছেন হলদিয়ার সাধারণ মানুষ।

ইত্তেফাক/জেডএইচডি