বিনোদন রিপোর্ট
দুর্গাপূজা উপলক্ষ্যে গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদ-এর লেখা ‘মা দুর্গা’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী দিনাত জাহান মুন্নি। এতে সুর দিয়েছেন প্রয়াত সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল। সমপ্রতি গানটির একটি মিউজিক ভিডিও তৈরি করা হয়েছে। দুর্গাপূজার আবহে সাজানো দৃষ্টিনন্দন সেটে গানটিতে দর্শকদের সামনে এসেছেন শিল্পী দিনাত জাহান মুন্নি। দুর্গাপূজা উপলক্ষ্যে গানটি ইউটিউবের ‘খালিদ সংগীত’ চ্যানেলে মুক্তি পেয়েছে। এছাড়া, মাহবুবুল এ খালিদের সংগীত বিষয়ক ওয়েবসাইট ‘খালিদসংগীত ডটকম’-এ প্রকাশিত হয়েছে।
উল্লেখ্য, কবি, গীতিকার ও সুরকার মাহবুবুল এ খালিদের লেখা কবিতা ও গানে পাওয়া যায় নানান ধর্মের ধর্মীয় ও সামাজিক উত্সবের কথা। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে তিনি সবার জন্য গান রচনা করেন। তার কাছে সংগীত কোনো জাতি বা ধর্মের নয়, সংগীত সবার জন্য। মানবপ্রেমের মহত্ বাণীতে সমৃদ্ধ তার গান-কবিতা।