নড়াইলবাসীর সার্বিক নিরাপত্তায় নড়াইল ও লোহাগড়া শহরে ৫৩টি সিসিটিভি ক্যামেরা বসানোর কাজ শেষ হয়েছে। নড়াইল-২ আসনের নব নির্বাচিত এমপি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার হাতে গড়া ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’-এর উদ্যোগে এ নিরাপত্তামূলক ক্যামেরা স্থাপনের কাজ করা হয়েছে। সম্প্রতি এ কাজ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৬ ডিসেম্বর ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ এবং ‘সিডনিশান ইন্টারন্যাশনাল’ নামে একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মধ্যে সিসিটিভি ক্যামেরা স্থাপন সংক্রান্ত এক চুক্তি স্বাক্ষরিত হয়। ঢাকার গুলশানে দাহুয়া-সিডনিশান সেন্টারে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফি বিন মর্তুজা ও সিডনিশান ইন্টারন্যাশনালের প্রধান নির্বাহী সাগর টিটো। এ চুক্তি স্বাক্ষরের পর নড়াইল শহরের ১৫টি পয়েন্টে ৩৮টি ক্যামেরা এবং লোহাগড়া পৌর এলাকার ৫টি পয়েন্টে ১৫টি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
এ কাজের ডিজাইনার ও সমম্বয়কারী এম সাব্বির হোসেন বলেন, ‘সিসিটিভি ক্যামেরা স্থাপনে খরচ ধরা হয়েছে প্রায় ২৫ লাখ টাকা। প্রথম ২ বছর সিডনিশান ইন্টারন্যাশনাল এবং পরবর্তীতে নড়াইল জেলা পুলিশ এবং নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন এটির মেইনটেইন করবে ‘
নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিক বলেন, ‘সিসিটিভি ক্যামেরা স্থাপনে স্পন্সর করছে সিডনিশান ইন্টারন্যাশনাল নামে একটি ক্যামেরা ডিসট্রিবিউটর প্রতিষ্ঠান। নড়াইলের সার্বিক নিরাপত্তার জন্য প্রাথমিক অবস্থায় ৫৩টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এরপর জেলার অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান সিসিটিভির আওতায় আসবে।’
আরও পড়ুনঃ পেকুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে আওয়ামী লীগ নেতার মৃত্যু
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বলেন, ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের উদ্যোগে এসব সিসিটিভি নিয়ন্ত্রণ করা হচ্ছে এসপি অফিস থেকে। এর ফলে নড়াইলে মোটরসাইকেল চুরি, ইভটিজিং, রাজনৈতিক অস্থিরতাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড কমবে। জেলার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে।’ আগামিতে জেলার অন্য গুরুত্বপূর্ণ স্থান সিসিটিভির আওতায় আসবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
ইত্তেফাক/নূহু