কোভিডের নতুন বিধিনিষেধে ইতালি জুড়ে বিক্ষোভ

n বিভিন্ন স্থানে সংঘর্ষ, কাঁদানে গ্যাস ও রাত্রিকালীন কারফিউ

 বিবিসি

কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের লাগাম টেনে ধরতে দেওয়া নতুন বিধিনিষেধের বিরুদ্ধে ইতালি জুড়ে সহিংস বিক্ষোভ দেখা গেছে। সোমবার দেশটির বেশ কয়েকটি বড় শহরে সংঘর্ষের খবর পাওয়া গেছে।

তুরিনে বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের লক্ষ্য করে পেট্রলবোমা ছুড়েছে; মিলানে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে ব্যবহূত হয়েছে কাঁদানে গ্যাস। সহিংসতার খবর মিলেছে নেপলস থেকেও। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা থেকে রেস্তোরাঁ, জিম, বার ও সিনেমা হল বন্ধ রাখতে দেশটির সরকারের দেওয়া বিধিনিষেধগুলো কার্যকর হতেই ইতালির বিভিন্ন অংশে বিক্ষোভ শুরু হয়। সংক্রমণ রুখতে লম্বার্দি ও পিয়েদমন্তের মতো অনেক অঞ্চলে রাত্রিকালীন কারফিউও জারি করা হয়েছে। মিলানের অবস্থান লম্বার্দিতে আর পিয়েদমন্তে তুরিন। রোম, জেনোয়া, পালেরমো ও ত্রিস্তের মতো ডজনখানেক শহরেও নতুন বিধিনিষেধের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ মোকাবিলায় চলতি বছরের শুরুতেও জাতীয় পর্যায়ে লকডাউন দিয়েছিল ইতালি, সেবার দেশটির বাসিন্দারা ঐ বিধিনিষেধ শান্তিপূর্ণভাবেই মেনে চলেছিল। কিন্তু এবার ফের বিধিনিষেধের ঘোষণা আসার পর থেকে অনেকেই এর বিরোধিতা করেছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা বলছেন, তারা এখনো প্রথম লকডাউনের ধাক্কাই সামলে উঠতে পারেনি, তার মধ্যে নতুন এই বিধিনিষেধ তাদের দেউলিয়াও করে দিতে পারে।