বাংলাভাষায় বিজ্ঞানতৃষ্ণা মেটাচ্ছে ‘বিজ্ঞানপ্রিয়’

শাহাদাত সুমন

‘বিজ্ঞানপ্রিয়’। মনকাড়া গ্রাফিকের মাধ্যমে মহাবিশ্বের অজানা রহস্য, স্বাস্থ্য ও জীবনঘনিষ্ঠ বিষয়ে ভিডিও কন্টেন্টের মাধ্যমে বিজ্ঞান শেখায় উজ্জ্বীবিত করছে বিশ্ববিদ্যালয়পড়ুয়া উত্সুক তরুণদের। লক্ষ্য হলো— উন্মুক্ত আলোচনার মাধ্যমে বিজ্ঞান শিখতে ও শেখাতে পারবে এমন একটি সুস্থ বিজ্ঞানকেন্দ্রিক কমিউনিটি তৈরি করা। আর এভাবেই বাংলা ভাষায় বিজ্ঞানশিক্ষাকে আরো উপভোগ্য করার স্বপ্ন  নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাওন মাহমুদ প্রতিষ্ঠা করেছেন বিজ্ঞানভিত্তিক অনলাইন প্লাটফর্ম ‘বিজ্ঞানপ্রিয়’।

এ প্লাটফর্মটি শিক্ষার্থীদের বিজ্ঞানপ্রিয়’র নিজস্ব ওয়েবসাইট, ফেসবুক পেজ, গ্রুপ এবং ইউটিউব চ্যানেলে নিয়মিত বিজ্ঞানভিত্তিক ভিডিও কন্টেন্ট প্রকাশ করার মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে বিজ্ঞান শিক্ষা দেয়। বর্তমানে বিজ্ঞানপ্রিয় ওয়েবসাইটে প্রায় ২৫ হাজার সক্রিয় পাঠক রয়েছে যারা নিয়মিত ওয়েবসাইটের প্রমাণসিদ্ধ ব্লগ ও নিউজ পাঠ করেন। এছাড়া বিজ্ঞানপ্রিয় ফেসবুক গ্রুপে রয়েছে প্রায় দুই লক্ষ বিজ্ঞানমনস্ক সদস্য। প্রতিদিন প্রায় দুই হাজারের বেশি প্রশ্ন ও সমস্যা নিয়ে আলোচনা করা হয় এই গ্রুপে।

‘বিজ্ঞানপ্রিয়’ প্রতিষ্ঠার গল্প বলতে গিয়ে মুহাম্মাদ শাওন মাহমুদ বলেন, আমি একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, ওয়েব ডেভলপার, এসইও স্পেশালিস্ট এবং ভিডিও প্রডিউসার। সবচেয়ে বড়কথা, আমি একজন বিজ্ঞানপ্রিয়। আমি বাংলা ভাষা এবং বিজ্ঞানের স্বার্থে এই উদ্যোগটি নিয়েছি, কোনোরকম ব্যবসায়িক মানসিকতা নিয়ে নয়। এমনকি পাঠকদের নিরবচ্ছিন্ন তথ্যপ্রাপ্তির কথা মাথায় রেখে বিজ্ঞানপ্রিয় ওয়েবসাইটে আমি গুগল অ্যাডভারটাইসমেন্ট চালু করিনি।

স্বল্প সময়ে ‘বিজ্ঞানপ্রিয়’ শিক্ষার্থীদের মনে জায়গা করে নেওয়ার একটি বড় কারণ হলো—  যে প্রশ্নগুলো শিক্ষককে কিংবা ঠাট্টা-বিদ্রুপের ভয়ে বন্ধুদের করা যায় না, সেই প্রশ্নগুলো নির্দ্বিধায় করা যায় বিজ্ঞানপ্রিয়কে। ‘বিজ্ঞানপ্রিয়’ গবেষণাভিত্তিক তথ্যের ভিত্তিতে আলোচনা করে এবং তাদের প্রতিটি তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট রিসার্চপেপার ও গবেষণাকেন্দ্রিক আলোচনার লিংক সংযুক্ত করে দেয়া হয়। ফলে তথ্যের নির্ভরযোগ্যতা সম্পর্কে যথেষ্ট স্বচ্ছ ও নির্ভুলতার নিশ্চয়তা দেয় ‘বিজ্ঞানপ্রিয়’।

‘বিজ্ঞানপ্রিয়’ ইতিমধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গন্ডি পেরিয়ে দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও নির্ভরযোগ্য তথ্য প্রাপ্তির প্লাটফর্ম হিসেবে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। প্লাটফর্মটিতে ইতিমধ্যে গবেষণাপ্রেমী ও অজানাকে জানার বহু জ্ঞানপিপাসু যুক্ত হয়েছেন। ‘বিজ্ঞানপ্রিয়’র মতো প্লাটফর্মের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক ডক্টর মুহাম্মদ ওয়াহিদুজ্জামান মুকুল। তার মতে, বিজ্ঞানের প্রতি নিখুঁত আসক্তি ও উদ্যম প্রতিফলিত হয় বিজ্ঞানপ্রিয় থেকে। যেখানে কিছু তরুণ নানা পন্থা অবলম্বন করে তাদের ক্যারিয়ার ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে, সেখানে আরেকদল তরুণ কাজ করে যাচ্ছে মাতৃভাষায় বিজ্ঞানের উন্নয়নে। তাই তরুণদের প্রতিষ্ঠিত এ ভিন্নধর্মী প্লাটফর্মটি বিজ্ঞানচর্চায় নতুন দ্বার খুলেছে এবং অজানাকে জানার পথকে আরও সুগম করবে বলে আশাবাদী।

২৫ জন সদস্যের নিরলস প্রচেষ্টা ও শ্রমে ভিন্নধর্মী এ প্লাটফর্মটি এখন দেশের সবচেয়ে বড় বিজ্ঞানভিত্তিক প্লাটফর্ম। এ টিমের প্রজেক্ট এডমিনিসট্রেটর হিসেবে দায়িত্বরত চট্টগ্রামের এম শাহ আলম চৌধুরী ডিগ্রি কলেজের শিক্ষার্থী জয় দেব নাথ বিজ্ঞানপ্রিয়’তে যুক্ত হওয়ার অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘বিজ্ঞানপ্রিয়’ আমাকে বিজ্ঞানমনস্ক এবং নেতৃত্ব দানের মতো গুণের অধিকারী হতে সাহায্য করছে এবং বিজ্ঞান বিষয়ে প্রতিনিয়ত জানার সুযোগ করে দিয়েছে।

ছোটবেলা থেকে জয়ের স্বপ্ন ছিল নিজের সারাটা জীবন একজন বিজ্ঞানীর মতো বিজ্ঞান সাধক হিসেবেই কাটানোর। কিন্তু বাস্তবতার কাছে সেই স্বপ্ন হেরে গেছে। তবে ‘বিজ্ঞানপ্রিয়’ তাকে হারতে দেয়নি, বরং বিজ্ঞানকে জানতে ও জানাতে আরও উজ্জীবিত করেছে বলে মনে করেন জয়। বলা যায়, বাঙালি বিজ্ঞানপিপাসুদের কৌতুহল মেটাতে এবং বড় পরিসরে বিজ্ঞানকে পৌঁছে দিতে ‘বিজ্ঞানপ্রিয়’ একটি সময়োপযোগী উদ্যোগ।