স্পোর্টস রিপোর্টার
সূচি অনুযায়ী তখন বিসিবি একাডেমি মাঠে চলছিল এইচপির অনুশীলন। গতকাল সকালে হঠাত্ করেই মাঠে ঢুকলেন তামিম ইকবাল, তাইজুল ইসলাম ও মোহাম্মদ মিঠুন। উপস্থিত সবাই একটু অবাক হলেন। কেউ একজন বলে উঠলেন, আপনাদের না ছুটি! হাসতে হাসতে তিন ক্রিকেটার চলে গেলেন নেটের দিকে।
যেখানে দুটি নেট প্রস্তুত ছিল তাদের জন্য। একাডেমি মাঠের সেন্টার উইকেটে তার পরই অনুশীলন শুরু করেন তারা। নেটে লম্বা সময় ব্যাটিং করেছেন তামিম। তাইজুল বল করেছেন, থ্রো ডাউন করেছেন দুই জন টিম বয়, মিঠুন অফ স্পিনে হাত ঘুরিয়েছেন।
যে কোনো টুর্নামেন্টের পর সাধারণত জাতীয় দলের ক্রিকেটারদের মধ্যে মুশফিকুর রহিমকেই সবার আগে অনুশীলনে ফিরতে দেখা যায়। গতকাল তামিমরা আনলেন নতুনত্ব। নেটে তাইজুল, মিঠুনকে বারবার রিভার্স সুইপ খেলার চেষ্টা করেছেন তামিম। হয়তো নতুন শট যোগ করার চিন্তাতেই রিভার্স সুইপের অনুশীলনে মনোযোগী দেখা গেল বাঁহাতি এই ওপেনারকে।
বিসিবি প্রেসিডেন্টস কাপ তাদের তিন জনেরই ভালো কাটেনি। তাদের দল তামিম একাদশ ফাইনাল খেলেনি। গত ২১ অক্টোবর শেষ ম্যাচ খেলায়, কয়েকটা দিন বিশ্রামও পেয়েছেন তারা। বর্তমানে জাতীয় দলের ক্রিকেটাররা ছুটিতে আছেন। সতীর্থরা বিশ্রামে থাকলেও তামিম-তাইজুলরা নেমে পড়লেন অনুশীলনে। টুর্নামেন্টে ৪ ম্যাচে একটি হাফ সেঞ্চুরিসহ ১০১ রান করেছেন তামিম। মিঠুনের ব্যাটে ছিল রানের খরা। ৪ ম্যাচে ৩৫ রান করেছেন এই মিডল অর্ডার ব্যাটসম্যান। ৩ ম্যাচ খেলে তাইজুল নেন ৩ উইকেট।