আর কতদিন পানিতে ভাসবে উপকূলীয় প্রতাপনগরবাসী?

২০ মে ২০২০ তারিখে আম্পান ঘূর্ণিঝড়ে মহাপ্রলয়ঙ্করী জলোচ্ছ্বাসে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্ল­াবিত হয়। আবার নতুন করে ২০ আগস্ট নদীর পানির উচ্চতা ও তীব্র স্রোতের কারণে প্রতাপনগর ইউনিয়নের প্রধান কার্পেটিং রাস্তাটি ভাঙে। আর কতদিন প্ল­াবিত অবস্থায় থাকতে হবে উপকূলীয় প্রতাপনগর ইউনিয়নের ৪০ হাজার মানুষকে? তাদের দুর্ভোগের শেষ নেই। খাবার সমস্যা, বাসস্থানের সমস্যা, সার্বিক নিরাপত্তাহীনতায় ভুগছে তারা। এখানে দিন দিন ভাঙন বেড়েই চলেছে।

টেকসই বেড়িবাঁধ নির্মাণের ব্যাপারে উপর মহল আশার বাণী শোনালেও বাঁধ হয়নি ৫ মাসেও। তাই একবিন্দুও পরিবর্তন হয়নি প্রতাপনগরবাসীর অবস্থা। আশু প্রতিকারের জন্য কোমর পানিতে দাঁড়িয়ে মানববন্ধন করেছে এলাকার সাধারণ মানুষ। পরিশেষে, প্রশাসনের কাছে আশানুরূপ পদক্ষেপ নিয়ে এলাকার উন্নতির জোর আবেদন জানাচ্ছি, বিষয়টি অতীব জরুরি।

মোস্তাকিম বিল্ল­াহ

শিক্ষার্থী, ঢাকা কলেজ