রেমিট্যান্স যোদ্ধাদের সংকট নিরসনে উদ্যোগ নিন

বাংলাদেশের অর্থনীতির বড় শক্তি হলো প্রবাসী আয় বা রেমিট্যান্স। এই রেমিট্যান্স আসে অভিবাসী শ্রমিকদের মাধ্যমে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্যমতে, বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসী আয়ে বিশ্বের শীর্ষ ১০-এ আছে বাংলাদেশ। বিশ্বের ৮৪টি দেশে প্রায় এক কোটি ২৭ লাখ বাংলাদেশি কর্মী আছেন। বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদিআরব। গত জুলাই মাসে প্রবাসীরা ২৬০ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়ে রেকর্ড করেন। কিন্তু করোনার কারণে পহেলা এপ্রিল থেকে প্রবাসীরা দেশে ফেরত আসতে শুরু করেন। আবার বিদেশে থাকা প্রায় এক কোটি প্রবাসী অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। কাজ হারিয়ে নিজের খরচ চালাতে হিমশিম খাচ্ছেন। দেশে ফেরত আসা প্রবাসীরাও কর্মহীন। ফলে মানসিক চাপ, উদ্বেগ ও নানা সংকটে আছেন প্রবাসীরা। সাত মাস আগে নতুন এক লাখ শ্রমিক বিদেশ যেতে ভিসা পেয়েও করোনা তাদের আটকে দিয়েছে। বর্তমানে বিভিন্ন দেশ লকডাউন কিছুটা শিথিল করার পরও টিকেট, ফ্লাইট জটিলতা, ভিসা, ইকামার মেয়াদ শেষ হয়ে যাওয়া ও দালালের খপ্পরে পড়ে দেশে এসে আটকেপড়া প্রবাসীদের কর্মস্থলে ফেরায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ অবস্থায় দেশের অর্থনীতির প্রাণ সচল রাখতে ও শ্রমবাজার রক্ষায় আটকেপড়া প্রবাসীদের কর্মস্থলে পাঠাতে সরকারের উদ্যোগ নেওয়া জরুরি। কূটনৈতিক যোগাযোগের মাধ্যমে বিদ্যমান সমস্যা নিরসনে যথাযথ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নতুন শ্রমবাজারের দিকে দৃষ্টি দিতে হবে।

মো. সাইমুন

চন্দনাইশ, চট্টগ্রাম