ইত্তেফাক রিপোর্ট
বর্তমানে যে কয়টি মিউচ্যুয়াল ফান্ড আছে তার সবগুলোর ১০-১৮ শতাংশ লভ্যাংশ দেওয়ার সক্ষমতা আছে বলে মন্তব্য করেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। গতকাল মঙ্গলবার পারসোনাল ফাইন্যান্স বিষয়ক অনলাইন পোর্টাল ‘আমার টাকা’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বাংলাদেশে মাথাপিছু আয় বেড়ে যাচ্ছে। মাথাপিছু আয় বাড়ার কারণে ডিসক্লোজার (প্রদর্শিত) আয় বেড়ে যাচ্ছে। ডিসক্লোজার আয় বাড়লে সেভিংস রেট (সঞ্চয়ের হার) বেড়ে যায়। সেভিংস রেট বাড়ার কারণে বিনিয়োগের সুযোগ সৃষ্টি হয়। দেশে সেভিংস বাড়ার কারণে বিভিন্ন জায়গায় বিনিয়োগের সুযোগ সৃষ্টি হচ্ছে।
বিএসইসির চেয়ারম্যান বলেন, সারা বিশ্বে এমনকি ভারতেও মিউচ্যুয়াল ফান্ড হচ্ছে অলটারনেটিভ ইনভেস্টের জায়গা। যারা ভালো বোঝেন না, তাদের জন্য সারা বিশ্বে হচ্ছে মিউচ্যুয়াল ফান্ড। এই মুহূর্তে আমি দেখেছি আমাদের দেশে যত মিউচ্যুয়াল ফান্ড আছে, সবগুলোর সক্ষমতা আছে ১০-১৮ শতাংশ লভ্যাংশ দেওয়ার এবং কেউ কেউ দিচ্ছেও। ১০-এর ওপরে তারা রিটার্ন দিচ্ছে। ‘আমার টাকা’র সম্পাদক জিয়াউর রহমানের সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. মো. মোশাররফ হোসেন। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার।