শেয়ারবাজার
ইত্তেফাক রিপোর্ট
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) গতকাল মঙ্গলবার মূল্য সূচকের বড় পতন হয়েছে। তবে দুই বাজারেই বেড়েছে লেনদেনের পরিমাণ।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, দিনের লেনদেন শেষে সূচকের বড় পতন হয়েছে। এমন পরিস্থিতিতে গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৪ পয়েন্ট কমে ৪ হাজার ৮৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৭ পয়েন্ট কমে ১ হাজার ৬৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক ৬ পয়েন্ট কমে ১ হাজার ১০৩ পয়েন্টে অবস্থান করছে।
সবগুলো সূচকের এই পতনের দিনে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৮৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার তালিকায় নাম লেখিয়েছে। বিপরীতে দাম কমার তালিকায় স্থান করে নিয়েছে ২০৫টি এবং ৬৬টির দাম অপরিবর্তিত রয়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার কোটি ৯৩ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৮৮৫ কোটি ৯৬ লাখ টাকা। সেই হিসাবে আগের দিনের তুলনায় লেনদেন বেড়েছে ১১৪ কোটি ৯৭ লাখ টাকা।
টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার শেয়ার। কোম্পানিটির ৪৬ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা লঙ্কাবাংলা ফাইন্যান্সের ৩৫ কোটি ৫৯ লাখ টাকার লেনদেন হয়েছে। ২৯ কোটি ৭২ লাখ টাকার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সন্ধানী লাইফ ইনসিওরেন্স। এছাড়া লেনদেনের শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে—ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো, গ্লোবাল ইনসিওরেন্স, এক্সপ্রেস ইনসিওরেন্স, পাইওনিয়ার ইনসিওরেন্স, স্কয়ার ফার্মাসিউটিক্যাল ও ইস্টল্যান্ড ইনসিওরেন্স।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে ৪১ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ৩১ কোটি ৪২ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৭৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৯৪টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৩৬টির এবং ৪৩টির দাম অপরিবর্তিত রয়েছে।