বকশীগঞ্জ (জামালপুর) সংবাদদাতা
নিয়ম-নীতির তোয়াক্কা না করে বকশীগঞ্জের সর্বত্র বিক্রি হচ্ছে এলপি গ্যাস সিলিন্ডার ও পেট্রোল। সরকারের অনুমোদন ছাড়া বিক্রির বিধান না থাকলেও এলপি গ্যাস সিলিন্ডারের বোতল ও পেট্রোলসহ দাহ্য পদার্থ বিক্রি হচ্ছে অবাধে। উপজেলার সদর বাজার, সারমারা বাজার, কামালপুর বাজারসহ ২০টি হাট-বাজারের ওষুধের দোকান, রেস্তোরাঁ, মুদি, ক্রোকারিজ ও ফলের দোকান, হোটেল, সেলুন, লাকড়ির দোকান, মোটর সাইকেলের গ্যারেজ ও কাঁচামালের দোকানসহ বিভিন্ন দোকান এবং ব্যবসাপ্রতিষ্ঠানে এলপি গ্যাসসহ গ্যাস সিলিন্ডার ও পেট্রোল বিক্রি হয়ে আসছে।
বকশীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নুর উদ্দিন বলেন, গ্যাস সিলিন্ডারের ব্যবসা করতে হলে অবশ্যই বিস্ফোরক অধিদপ্তরের লাইসেন্স নিতে হবে। যত্রতত্র পেট্রোল বা দাহ্য পদার্থ বিক্রির কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডসহ নানা দুর্ঘটনা ঘটতে পারে। বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট বলেন, আইনের বাইরে চলার কারও সুযোগ নেই। যারা সরকারের আইন মানতে চায় না তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নিতে হবে। বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন মুন জাহান লিজা জানান, দাহ্য পদার্থ ও গ্যাস সিলিন্ডার বিক্রির সুনির্দিষ্ট বিধিমালা আছে। যত্রতত্র বিক্রির কোনো সুযোগ নেই। তারপরও খোঁজ নিয়ে নিয়ে দেখব, কেউ অবৈধভাবে বিক্রি করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।