কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা
কচুয়ার কোমরকাশা গ্রামে খালের কিছু অংশ অবৈধভাবে বালু দিয়ে ভরাট করে বসতবাড়ি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। কোমরকাশা গ্রামের অধিবাসী মো. মাসুদ মিয়া বাদী হয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে অভিযোগটি দায়ের করেছেন। স্থানীয় বাসিন্দা মাসুদ মিয়া, সাজ্জাদ হোসেন, মকবুল হোসেন, মিজান মিয়াসহ আরো অনেকে জানান, গত কয়েক দিনের টানা বৃষ্টির পানি নিষ্কাশন হতে না পারায় এলাকার বাড়িঘর ও চলাচলের পথ পানিতে তলিয়ে গেছে। স্থানীয় উত্তর কচুয়া ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন লিটন জানান, প্রভাবশালী ব্যক্তি খালে বালু ফেলে ভরাট করায় আমার ইউনিয়নের কোমরকাশা, আন্দিরপার, হোসেনপুর ও বদুরপুর গ্রামের মাঠে ফসলি জমির পানি নিষ্কাশন হতে না পারায় ফসল নষ্ট হচ্ছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একি মিত্র চাকমা বলেন, কোমরকাশা গ্রামে অবৈধভাবে খাল ভরাট বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনানুক ব্যবস্থা নেওয়া হবে।