বিএসএমএমইউর সাবেক ভিসি অধ্যাপক ডা. তাহির আর নেই

বিশেষ প্রতিনিধি

দেশের প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সাবেক ভিসি অধ্যাপক ডা. মো. তাহির আর নেই। সোমবার সকাল ৮টায় রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় হূদেরাগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তার বয়স হয়েছিল ৮০ বছর। দেশের স্বনামধন্য এ মেডিসিন বিশেষজ্ঞ বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনের সাবেক সভাপতি। দেশের চিকিত্সা খাতের উন্নয়নে তার অবদান অসামান্য। এছাড়া দেশের স্বাস্থ্যবিষয়ক শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম মেডিভয়েসের প্রধান উপদেষ্টা ছিলেন তিনি।

অধ্যাপক ডা. মো. তাহিরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিত্সক অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ, বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া প্রমুখ। বিএসএমএমইউর ভিসি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, ‘বিএসএমএমইউয়ের শিক্ষা গবেষণায় অধ্যাপক ডা. মো. তাহিরের ভূমিকা অনস্বীকার্য। তার এই ভূমিকা জাতি চিরদিন স্মরণ রাখবে। প্রথিতযশা মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. তাহিরের মৃত্যুতে বিএসএমএমইউ পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’ শোকবার্তায় তিনি বলেন, তার মৃত্যুতে চিকিত্সক সমাজ একজন অভিভাবককে হারাল। বিএসএমএমইউর চিকিত্সা, বিজ্ঞান ও গবেষণার উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। ডা: তাহিরকে সিলেটে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়। তিনি স্ত্রী, এক ছেলে এবং দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার এক ছেলে কিছু দিন আগে মারা গেছেন। অপর ছেলে ডা. মোহাম্মদ হারুনুর রশীদ ডেল্টা মেডিক্যাল কলেজের মানসিক রোগ বিভাগের সহযোগী অধ্যাপক। মেয়ে ড. শাহনাজ বেগম লেখক ও ঔপন্যাসিক।