মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের লৌহজংয়ে উপজেলার মিঠুসার গ্রামে গতকাল জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার ঘটনা ঘটেছে। এতে বৃদ্ধাসহ আরো দুই নারী ও তিন শিশু আহত হয়েছেন। এদের মধ্যে আয়শা বেগম (৭০), পান্না বেগম (৪৪) ও স্বপ্না বেগম (২৬) গুরুতর আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন অবস্থায় রয়েছেন। আর ইসরাত (১২), জান্নাত (১৪) ও তাসিন (১১) নামের তিন শিশুকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে। এ বিষয়ে লৌহজং থানায় মামলা দায়ের করা হয়েছে।
আহত স্বপ্না জানান, ‘গতকাল ভোরে ফজরের নামাজ পড়তে উঠি। এ সময় বাড়ির আঙ্গিনায় আকবর মল্লিক, খালেক মল্লিক, আয়ত আলী মল্লিক, সিরাজ মল্লিক, মোশারফ মল্লিক ও মোতালেব মল্লিকসহ আরো চার-পাঁচ জন বাঁশের বেড়া দিয়ে আমাদের জমি দখল করার চেষ্টা করে। তাদের বাধা দেওয়ায় তারা রামদা, চাপাতি, হকিস্টিক, লোহার রড, গাছের ডাল ও লাঠিসহ আমাদের ওপর হামলা চালায়। আহত পান্না বেগম জানান,‘ আকবর ও খালেক মল্লিকদের সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন যাবত্ বিরোধ চলে আসছে। আমাদের এ জমির বিষয়ে কোর্টে মামলাও চলছে। কোর্ট বলেছে—পরবর্তী রায় না দেওয়া পর্যন্ত যে যেভাবে রয়েছে, সেভাবেই বসবাস করার জন্য। কোর্টের নির্দেশ অমান্য করে তারা জোরপূর্বক আমাদের জমি দখল করতে এলে আমরা প্রতিবাদ করায় তারা এ হামলা চালায় লৌহজং থানার ওসি মো. আলমগীর হোসাইন জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।